চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ
- Update Time : ১১:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৮৯ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৮ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানিউচ্চ গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মসজিদে যাতায়াতকারী মুসল্লি, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং একটি প্রাচীন মন্দিরে আসা-যাওয়া করা সনাতন ধর্মাবলম্বীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দুই পক্ষের বিরোধের জেরে আফজল মিয়া (পিতা: মৃত আব্দুল হাই), হামদু মিয়া ও নান্নু মিয়া (পিতা: মৃত আহমদ মিয়া) দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তাটি বন্ধ করে দেন। বিরোধের অপর পক্ষে রয়েছেন আবু কালাম (পিতা: মৃত লাল মিয়া)।
গ্রামবাসীর ভাষ্য, রাস্তাটি বহু বছর ধরে জনসাধারণের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পথ। এই পথ ব্যবহার করে এলাকাবাসী মসজিদে নামাজ আদায় করতে যান, শিক্ষার্থীরা বিদ্যালয় ও কলেজে যাতায়াত করেন। এছাড়া প্রায় ২০০ বছরের পুরোনো একটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাওয়ারও এটি প্রধান পথগুলোর একটি। রাস্তা বন্ধ থাকায় প্রতিদিন নানা দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে।
এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত বিরোধের কারণে জনস্বার্থসংশ্লিষ্ট রাস্তা বন্ধ করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত তদন্ত করে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


















