হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- Update Time : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৩৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কিশোর জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৯ জুলাই২০২৬ইং) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া ও জয়নাল মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।
খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



















