প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ৬২০ কিউ আনারস উপহার
- Update Time : ১২:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬২০টি কিউ (কুইন) জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে আনা উপহারের চালানটি বাংলাদেশে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি পিকআপ ভ্যানে করে আনা চালানে মোট ৬২০টি কিউ জাতের আনারস ছিল। এর মধ্যে ৬০০টি আনারসের মোট ওজন ৭৪৮ কেজি। প্রয়োজনীয় কাস্টমস ও আনুষ্ঠানিকতা সম্পন্নের পর উপহারের আনারস ঢাকায় পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আয়োজিত উপহার গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক অভিবাসন তল্লাশি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ত্রিপুরা সরকারের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। এ সময় ত্রিপুরার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপহারের চালান ও প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পরে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা আনারসের চালান বুঝে নেন। এরপর একটি ট্রাকে করে উপহারের আনারস রাজধানী ঢাকায় পাঠানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যের ধারাবাহিকতা আরও জোরদার করার অংশ হিসেবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।
ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরায় আম উপহার দেওয়া হয়েছিল। সেই সৌহার্দ্যের ধারাবাহিকতায় এবার ত্রিপুরা সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাজ্যের বিখ্যাত কিউ জাতের আনারস উপহার পাঠিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের শুভেচ্ছা বিনিময় দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে।



















