কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ

- Update Time : ১২:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ০ Time View
দিনাজপুর প্রতিনিধি:: অবসরজীবনে আfর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সর্বজনীন পেনশন: সমাজকল্যাণমন্ত্রী ৪৫ ব্যাংকের সঙ্গে সমঝোতা, দিনাজপুরে পেনশন মেলায় প্রায় ৬০টি স্টল প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় চার বিভাগে বিশেষায়িত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগজনসচেতনতা বাড়াতে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজ বিশেষ প্রতিনিধি ফিরোজ সরকার
কর্মজীবন শেষ হলেও মানুষের জীবনের প্রয়োজন শেষ হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপার্জনক্ষমতা কমে এলেও যেন আর্থিক অনিশ্চয়তায় পড়তে না হয়, সে লক্ষ্যেই কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
এ ব্যবস্থার মাধ্যমে প্রাতিষ্ঠানিক পেনশন সুবিধার বাইরে থাকা সাধারণ মানুষের অবসরজীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত ‘সর্বজনীন পেনশন মেলা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়েই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। এ স্কিমে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ বেসরকারি খাতে কর্মরত এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বাইরে থাকা যেকোনো নাগরিক অংশগ্রহণ করতে পারবেন।
তিনি জানান, ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা নির্ধারিত নিয়মে এ স্কিমে যুক্ত হতে পারবেন। নিয়ম অনুযায়ী চাঁদা জমা দিয়ে নির্ধারিত বয়স ও শর্ত পূরণ সাপেক্ষে পেনশন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, সরকারের এ উদ্যোগ দিনাজপুরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে চাই। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ৪৫টি ব্যাংকের সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এসব ব্যাংকের সহযোগিতায় সর্বজনীন পেনশন কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে জীবনের শেষ সময়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা পাবেন। কর্মজীবনের উপার্জনের একটি অংশ সঞ্চয়ের মাধ্যমে অবসরজীবনে আর্থিক স্বস্তি নিশ্চিত করার এ উদ্যোগ একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। আর দক্ষ শিক্ষক তৈরি করতে প্রয়োজন মানসম্মত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান।
তিনি জানান, বর্তমানে রাজধানীর মিরপুরে এ ধরনের একটি বিশেষায়িত কলেজ রয়েছে। সরকার দেশের চারটি বিভাগে আরও চারটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এসব কলেজের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করা হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর ফলে প্রতিবন্ধী শিশুরা মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ পাবে।
সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সর্বস্তরের মানুষকে এ কার্যক্রমে সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগিতায় দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মেলায় প্রায় ৬০টি স্টল স্থাপন করা হয়। এতে বিভিন্ন উপজেলা প্রশাসন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী ব্যাংক, বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।স্টলগুলোতে সর্বজনীন পেনশন ব্যবস্থার বিভিন্ন স্কিম, নিবন্ধন পদ্ধতি, চাঁদা প্রদানের নিয়মাবলি এবং সুযোগ-সুবিধা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে পেনশন ব্যবস্থায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
এ সময় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, সর্বজনীন পেনশন ব্যবস্থার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনসচেতনতা ও ব্যাপক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনাজপুরের এ আয়োজনের মাধ্যমে পেনশন সম্পর্কে মানুষের ধারণা বৃদ্ধি এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছ



















