সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ
- Update Time : ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ভাগলপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালিয়ে যান এক ব্যক্তি।
বিজিবি সূত্রে জানা গেছে, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন আলীনগর সীমান্ত চৌকির (বিওপি) একটি টহলদল সীমান্ত পিলার ২০১৪/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় ভারত থেকে বাংলাদেশের দিকে আসা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাঁকে থামানোর চেষ্টা করে।
এ সময় ওই ব্যক্তির হাতে গামছায় মোড়ানো দুটি প্যাকেট ছিল। বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করলে তিনি প্যাকেট দুটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া প্যাকেট দুটি তল্লাশি করে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।জব্দ করা ইয়াবার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধ এবং দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























