মতবিনিময় সভা
- Update Time : ০৯:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয় জোরদার করে জনবান্ধব সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এমএ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষার পাশাপাশি সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। নাসিরনগরের উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অদিতি রায়, থানা পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মমিন, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।
নবাগত ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, প্রশাসনের দরজা সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। জনগণের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবা গ্রহণে হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করবেন। উপজেলার উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রাফিজ মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।














