ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
- Update Time : ০৮:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:: “সাক্ষরতা: প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য টেকসই সমাজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, সরাইলের আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাক্ষরতার ধারণা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তির যথাযথ ব্যবহার করে শিক্ষার সুযোগকে আরও বিস্তৃত করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনায় আরও বলা হয়, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি হলো সর্বজনীন সাক্ষরতা। শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্ক ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকেও সাক্ষরতার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।













