বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন স্থাপনের অভিযোগ
- Update Time : ১২:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০৮ Time View
দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-এ সরকারি রাস্তা কেটে ড্রেন স্থাপন ও রাস্তা দখলের অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, উপজেলার শতগ্রাম ইউনিয়ন-এর অর্জুনাহার গ্রামের একটি গুরুত্বপূর্ণ সরকারি কাঁচা রাস্তার দুই ধারে অবৈধভাবে ড্রেন নির্মাণ করে দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি পণ্য পরিবহনেও চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্জুনাহার লালপাড়া এলাকার এই রাস্তাটি পাঁচটি গ্রামের মানুষের যাতায়াত এবং কয়েকশত বিঘা আবাদি জমির ধান, ভুট্টা, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ। সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হলেও অভিযোগ রয়েছে, স্থানীয় মৃত জামাল আলীর ছেলে আব্দুর রশিদ এবং তার পরিবারের সদস্য আলম মিয়া, মো. হাসান, মো. হোসেন ও মো. তালেবসহ অন্যান্যরা রাস্তার দুটি অংশ কেটে ড্রেন স্থাপন করে দখল করে রেখেছেন।
এ ঘটনার প্রতিবাদে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এলাকাবাসী একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী জয়নাল আবেদীনের স্ত্রী সুমা আক্তার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ থানা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা নওজেশ আলী অভিযোগ করে বলেন, অবৈধভাবে রাস্তা দখল করে ড্রেন নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে।
অর্জুনাহার লালপাড়া গ্রামের আসেদ আলী, নুর আলম ও জহুরুল ইসলামসহ প্রায় ৪০ থেকে ৫০টি কৃষক পরিবারের সদস্যরা জানান, ধান, পাট ও অন্যান্য কৃষিপণ্য পরিবহনের জন্য তারা দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। কিন্তু রাস্তার ওপর ড্রেন স্থাপনের কারণে ভ্যান, ট্রাক্টর ও অন্যান্য কৃষিযান চলাচল করতে পারছে না। ফলে বিকল্প পথে পণ্য পরিবহন করতে গিয়ে তাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এছাড়া রাস্তা ব্যবহার করতে গেলেও বিভিন্ন ধরনের হুমকি-ধামকির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর দাবি, অবৈধভাবে নির্মিত ড্রেনের কারণে বৃষ্টির পানি সরাসরি রাস্তায় পড়ে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পুরো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ড্রেন অপসারণের দাবি জানালে অভিযুক্তদের পক্ষ থেকে উল্টো মামলা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন বলেন, “অভিযোগ হাতে পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি রাস্তা দখলমুক্ত করে জনদুর্ভোগ নিরসন এবং কৃষকদের স্বাভাবিক কৃষি কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।




















