মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
- Update Time : ১২:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৯ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট২০২৬ইং) দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)-কে এই দণ্ড দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাসিন্দা পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর ধরে মাদকাসক্ত। পরিবারের দাবি, মাদকের অর্থ জোগাড় করতে তারা প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। মা বারবার তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হয়নি।
অভিযোগ রয়েছে, সম্প্রতি দুই ভাই মাদকের টাকার জন্য আরও বেপরোয়া হয়ে ওঠেন। তারা প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে ভাঙচুর, মারধর এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
রোববার সকালে আবারও মাদকের জন্য টাকা দাবি করেন দুলাল ও মতি। পারভীন আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। পরে প্রতিবেশীদের সহায়তায় দুই ভাইকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, মাদক সেবনের অভিযোগে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।















