বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
- Update Time : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৫৫ Time View
দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দুমুখা বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলা ‘পাতা খেলা’।
দুমুখা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রহমান মামুন, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক।
গ্রামবাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলাকে কেন্দ্র করে দুমুখা বাজার সংলগ্ন এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।
স্থানীয়রা জানান, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের কারণে গ্রামীণ ঐতিহ্যবাহী অনেক খেলাই ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এসব খেলাধুলার নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।















