প্রেসক্লাবের ব্যতিক্রমী প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ৪৩ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায়
শোককে শক্তিতে রূপান্তর এবং প্রয়াতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়স্পর্শী দোয়া ও মিলাদ মাহফিল।
শুক্রবার (৩ জুলাই ২০২৬ইং) বিকেল ৪টায় সরাইল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রেসক্লাবের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন খাঁনের পিতা মরহুম হাজী দৌলত খাঁন, সহ-সভাপতি মোঃ ফয়জুল কবীরের মাতা মরহুম মোছাঃ সায়েরা খাতুন এবং কার্যকরী সদস্য মোঃ পারভেজ আলমের মাতা মরহুম ফিরোজা বেগমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মরহুমদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের জীবন, কর্ম, সততা, মানবিক মূল্যবোধ এবং পরিবারের প্রতি অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তার সৎকর্ম, নৈতিকতা ও মানবিক আচরণের মধ্য দিয়েই সমাজে অম্লান হয়ে থাকে। তাই প্রয়াতদের জন্য দোয়া করার পাশাপাশি তাদের আদর্শ ও মূল্যবোধ ধারণ করা। বক্তারা আরও বলেন, সাংবাদিক সমাজ শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয় সমাজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরাইল উপজেলা প্রেসক্লাবের এ আয়োজন মানবিক দায়বদ্ধতারই উজ্জ্বল দৃষ্টান্ত।
মিলাদ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে তিন মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়। মোনাজাতে উপস্থিত মুসল্লিরা গভীর আবেগের সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, সমাজে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াতদের স্মরণে দোয়া ও মিলাদের মতো ধর্মীয় ও মানবিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। সবশেষে উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত সবার কাছে প্রশংসিত হয় এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের মানবিক উদ্যোগ হিসেবে ব্যাপক সাড়া ফেলে।
















