নওগাঁয় স্কুল যাওয়ার পথে চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত এবং ট্রাক্টরে আগুন
- Update Time : ০৮:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৪২২ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পোরশা উপজেলায় ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদ আলী (চাক্কু)-এর ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম জানান, দুপুরে টিফিনের সময় হাবিব বাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় একটি ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরটি আটকিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
ওসি আরও জানান, স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




















