গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার
- Update Time : ০৭:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৪৮ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে কসবা উপজেলার তিনলাখ পীরসংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৯-এর সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা উপজেলার কামালপুর গ্রামের সজীব সরকার (২৭), ইউসুফ মিয়া (২৫), ওমর ওরফে সজীব খান (২০), আল আমিন ওরফে রানা সরকার (২২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের ধ্রুব পাল (৫৬)।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কায়েমপুর এলাকা থেকে অটোরিকশায় করে গাঁজার একটি বড় চালান তিনলাখ পীর এলাকার দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল।
রাত সোয়া আটটার দিকে সন্দেহভাজন অটোরিকশাটি চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় অটোরিকশায় থাকা পাঁচজন নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের ঘেরাও করে আটক করা হয়।
র্যাব জানায়, প্রথমে তাঁদের তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে অটোরিকশায় গাঁজা থাকার কথা স্বীকার করেন তাঁরা। এরপর চালকের আসনের নিচে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহ করতেন তাঁরা।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শাহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের জব্দ করা গাঁজা ও অটোরিকশাসহ কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।















