নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
- Update Time : ০৭:২৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৮ Time View
তালা প্রতিনিধি:: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মহব্বত আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আক্তারুজ্জামান মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে মহব্বত আলী সরদার বলেন, খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে।তিনি আরও বলেন, আমাদের গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। কিন্তু যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেকেই নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। তিনি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, নগরঘাটা এলাকায় খেলাধুলার পরিবেশ আরও উন্নত করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী সকলকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে এ এলাকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান রিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ সাইদুল আলম বাবলু। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক হবে। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এ উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭-এর মাধ্যমে নগরঘাটাসহ আশপাশের এলাকার প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
























