সরাইল উপজেলার কৃতি সন্তান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি পদে নতুন দায়িত্বে মো.সায়েদুর রহমান
- Update Time : ০৭:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সন্তান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ সদর দপ্তর থেকে হাইওয়ে পুলিশে বদলি ও পদায়ন করা হয়।
মো. সায়েদুর রহমানের নতুন এ দায়িত্ব পাওয়ার খবরে তাঁর নিজ উপজেলা সরাইলসহ ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছে তিনি শুধু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নন, জেলার একজন গর্বিত সন্তান হিসেবেও পরিচিত।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই তিনি। বর্তমানে তাঁর বসবাস ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া (বসাকপাড়া) এলাকায়।
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সর্বশেষ তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ডিআইজি পদমর্যাদায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৩ আগস্ট ২০২৬ সালে সরকার তাঁকে গ্রেড-২ পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পরিচালনা এবং মহাসড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এ ইউনিটের নেতৃত্ব দেবেন তিনি।
তাঁর আগে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। নতুন প্রজ্ঞাপনে তাঁকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে মো. সায়েদুর রহমানের এ গুরুত্বপূর্ণ পদে পদায়নের খবরে সরাইলের বিভিন্ন মহলে সন্তোষ ও আনন্দ প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
সরাইলের মাটি থেকে উঠে এসে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ একটি ইউনিটের নেতৃত্বে আসীন হওয়া মো. সায়েদুর রহমানের এ অর্জন স্থানীয় মানুষের কাছে গর্ব ও আনন্দের বিষয় হয়ে উঠেছে।



















