ব্রাক্ষণবাড়িয়া সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম মোশাররফ হোসেন স্মরণে আয়োজিত নকআউট চাইনিজবার ফ্রিজ/কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় আসর (সিজন-৩)। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এ আয়োজনকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।
সমাজসেবক মো. আইয়ুব সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ। এ সময় সরাইল উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম ও সোহাগসহ কুট্টাপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজন ঘিরে তরুণ খেলোয়াড়দের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা। মাঠের লড়াই উপভোগের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্রীড়াঙ্গন।
বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলীয় ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ বিনির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, মরহুম মোশাররফ হোসেনের স্মৃতিকে ধারণ করে ধারাবাহিকভাবে এ টুর্নামেন্টের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকলে স্থানীয় পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
স্থানীয়দের মতে, তৃতীয় আসরে পদার্পণ করা এ ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যে কুট্টাপাড়ার ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক ধারার সৃষ্টি করেছে। স্মৃতিকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করার এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের।



















