রংপুরের সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও দুই নেতাকে গ্রেপ্তার
- Update Time : ০৮:৩৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ২ Time View
মাটি মামুন রংপুর :: রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক তমজিদ হোসেন ও গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদার রহমান। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার থেকে তমজিদ হোসেনকে এবং শনিবার দিবাগত রাত ১২টার দিকে গজঘণ্টা বাজার থেকে মুর্শিদার রহমানকে গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে একই মামলায় মর্নেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর, বড়বিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা মেম্বার এবং খলেয়া ইউনিয়ন যুবলীগের সদস্য এনছান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।



















