কোস্ট গার্ড ও বিজিবির পৃথক অভিযান
- Update Time : ০৭:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৪৪ Time View
কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ইয়াবা ও পাচারকাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা ইউরিয়া সার উদ্ধার করেছে। এ দুই অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, রবিবার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তের কাটাখাল এলাকায় বিজিবির বিশেষ অভিযানে পাচারের আগেই ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযান চলাকালে দুই বাংলাদেশি ও তিন রোহিঙ্গাসহ মোট পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পানিপথে পালিয়ে যেতে সক্ষম হয়।
কোস্ট গার্ড ও বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, ইউরিয়া সার, জব্দকৃত যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে উভয় বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















