সাভারে নিরাপত্তাকর্মী হত্যা: এক বছর পর রহস্য উদঘাটন, চার আসামি গ্রেফতার
- Update Time : ১০:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৬৫ Time View
বিশেষ প্রতিনিধি::সাভারের হেমায়েতপুরে এমই বিডি টেক লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী রিমন হোসেন হত্যার এক বছর পর অবশেষে রহস্য উদঘাটন করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান ও উন্নত প্রযুক্তির সহায়তায় মূল হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুর কবির।
তিনি জানান, গত বছরের ৩ আগস্ট রাতে হেমায়েতপুরের ওই কারখানায় ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত হানা দেয়। ডাকাতির সময় বাধা দিলে নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে তারা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করলেও হত্যার রহস্য উদঘাটন করতে দীর্ঘদিন ব্যর্থ হয়।
এএসপি শাহিনুর কবির বলেন, “উন্নত প্রযুক্তি ব্যবহার করে শনিবার (২০ সেপ্টেম্বর) হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি মানিক মোল্লাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত চার আসামিকে দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে তারা কারখানায় প্রবেশ করলেও লুটপাটে ব্যর্থ হয়ে ক্ষোভে নিরাপত্তাকর্মীকে হত্যা করে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
পুলিশের দাবি, এই হত্যাকাণ্ড উদঘাটনের মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যের জট খুলেছে। এলাকাবাসীও পুলিশের এ সফলতাকে স্বস্তির খবর হিসেবে দেখছে।
















