সরাইলে সংস্কারের তিন মাসেই বেহাল সড়ক
- Update Time : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২০ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঠানপাড়া থেকে সরাইল অন্নদা মোড় পর্যন্ত সড়কটি সংস্কারের মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সড়কজুড়ে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি সংস্কার করা সড়কের বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ছোট ছোট জলাশয়ের মতো অবস্থা তৈরি হচ্ছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে এই সড়কে ছোট-বড় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারকাজের মান সন্তোষজনক না হওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাদের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত একটি সড়ক এত দ্রুত কীভাবে ক্ষতিগ্রস্ত হলো।
তদারকি নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, কাজের সময় দায়িত্বপ্রাপ্তদের যথাযথ নজরদারির অভাব ছিল। কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কর্মস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির মধ্যে কার্যত খুব কমসংখ্যক শ্রমিক কাজ করতেন, যা সংস্কারকাজের মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করেন।
এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরাইল থানা পুলিশ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। ফলে সড়কের বর্তমান অবস্থা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির মানসম্মত ও টেকসই পুনঃসংস্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, সংস্কারকাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের কাজ বা তদারকিতে অবহেলা হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বা সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।



















