ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ। এ সময় প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাজমুল সাদাত।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট এবং পেশাগত দক্ষতার মূল্যায়ন করেন। কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকজন সদস্যকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়। পাশাপাশি তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ওসি ডিবিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, তদন্ত কার্যক্রমের অগ্রগতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এদিকে, আগস্ট ২০২৬ মাসের কর্মসম্পাদনের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মপরিবেশ, কল্যাণমূলক সুবিধা এবং অন্যান্য বিষয়ে দাবি-দাওয়া ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং সেবার মান উন্নয়নে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

























