ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
- Update Time : ০৩:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৮২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, বাজি, কুঁচিয়া মাছ, গরু, মদ, গাঁজা ও একটি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর একাধিক বিওপির টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর নির্দেশনায় মনিয়ন্দ, কসবা, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার সালদানদী ও শশীদল-খারেরা বিওপির সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনার চেষ্টা করা বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় বাসমতি চাল, জনপ্রিয় ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস, খাদ্যপণ্য, আতশবাজি, কুঁচিয়া মাছ, গবাদিপশু, মদ, গাঁজা এবং একটি মোটরসাইকেল রয়েছে। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমনের পাশাপাশি মাদক পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং সীমান্তকে অপরাধমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে বাহিনীটি।


























