ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৯০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
- Update Time : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৮ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ১১০ কেজি গাঁজাসহ নৈদার চান দাশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নৈদার চান দাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর গ্রামের মৃত নীল কান্ত দাশের ছেলে।
পুলিশ জানায়, একই রাতে রাত ১টা ১০ মিনিটে বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা গাঁজা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় অভিযানে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

















