নাছিরনগর উপজেরায় পরিচয় মেলেনি তিন দিনেও, অবশেষে দাফন হলো অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল
- Update Time : ০৬:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৩ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: মানুষটির পরিচয় জানা যায়নি, স্বজনদেরও খুঁজে পাওয়া যায়নি। পচাগলা মরদেহ থেকে অবশিষ্ট ছিল শুধু কঙ্কাল ও কিছু হাড়গোড়। পরিচয় শনাক্তের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে মানবিক উদ্যোগে শেষ ঠিকানা হলো তাঁর কবর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির কঙ্কাল ও হাড়গোড় দাফন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। এটি সংগঠনটির উদ্যোগে দাফন করা ২৯০তম বেওয়ারিশ লাশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিন দিন হাসপাতালের হিমাগারে রাখার পর মরদেহের অবশিষ্টাংশ দাফন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামের পশ্চিম বাইদ এলাকার সজল মল্লিকের একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির পচাগলিত মরদেহের কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৮ বছর।
উদ্ধার হওয়া অবশিষ্টাংশের মধ্যে ছিল মাথার খুলি, মেরুদণ্ডের হাড় এবং হাত-পায়ের বিভিন্ন হাড়ের টুকরো। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে সেগুলো ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল কাজ করে। তবে মরদেহটি অতিমাত্রায় পচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে জাতীয় তথ্যভান্ডারের ডাটাবেইজ যাচাই করেও তাঁর পরিচয় পাওয়া যায়নি।
পরে পরিচয় শনাক্তের আশায় মরদেহের কঙ্কাল ও হাড়গোড় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে হাসপাতালের হিমাগারে রাখা হয়। পাশাপাশি নাসিরনগর থানা পুলিশ ও সংগঠনটির পক্ষ থেকে পরিচয় শনাক্তে প্রচার-প্রচারণা চালানো হয়। কিন্তু তিন দিনেও কোনো স্বজনের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত সোমবার বিকেলে যথাযথ মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানান, পরিচয়হীন ও বেওয়ারিশ মৃত ব্যক্তিদের মর্যাদার সঙ্গে দাফন নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত সংগঠনটির উদ্যোগে ২৯০টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে।
তথ্যসূত্র: নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। সাধারণ ডায়েরি নং-৩৮৫, তারিখ: ৭ নভেম্বর ২০২৬।




















