এনজিওর টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ
- Update Time : ০৮:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৩৯ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁয় সমতা ও নেসডো কার্যালয়ের টাকা ফেরতের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের খলিশাকুড়ি এলাকায় সমতা ও নেসডো এনজিওর প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী ও পুরুষসহ বিপুল সংখ্যক ভুক্তভোগী আমানতকারী অংশ নেন।
গ্রাহকদের মানবেতর জীবন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করেন, অধিক মুনাফার আশ্বাস দিয়ে সমতা ও নেসডো তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করে। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও তারা গ্রাহকদের সঞ্চিত অর্থ কিংবা প্রতিশ্রুত মুনাফা—কোনোটিই পরিশোধ করছে না।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জীবনের কষ্টার্জিত সব সঞ্চয় হারিয়ে অনেক পরিবার এখন চরম আর্থিক সংকটে ভুগছে। অনেকে মানবেতর জীবনযাপন করছেন।” অবিলম্বে আমানতের টাকা সুদসহ ফেরত না দিলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পরিচালকের নতুন আশ্বাস, গ্রাহকদের অনাস্থা
বিক্ষোভের একপর্যায়ে ভুক্তভোগীদের একটি প্রতিনিধি দল পুলিশের সহায়তায় অভিযুক্ত এনজিও পরিচালক শাহিনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় পরিচালক শাহিন আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে গ্রাহকদের মূলধন ফেরত দেওয়ার নতুন আশ্বাস দেন।
তবে এই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এর আগেও এনজিও পরিচালক শাহিন একাধিকবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে তা রক্ষা করেননি। এটি গ্রাহকদের ক্ষোভ প্রশমনের একটি নতুন কৌশল মাত্র।










