ব্রাক্ষণবাড়িয়া সরাইলে র্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার
- Update Time : ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৮ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে অভিযানের সময় তাদের এক সহযোগী পালিয়ে যান।
র্যাব-৯ জানায়,
মঙ্গলবার (২৮ জুলাই২০২৬ইং) ভোর ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। গোয়েন্দা তথ্য ছিল, হবিগঞ্জের মাধবপুর থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার দিকে পাচার করা হচ্ছে।
চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাড়িটি আটক করেন। এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। অপর একজন পালিয়ে যান।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামাটোলা গ্রামের বজলুর রহমানের ছেলে আরিফ (৩৫) এবং মনোহরপুর গ্রামের আকালুর ছেলে মো. বারিকুল ইসলাম (২৭)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে চালানটি বহন করা হচ্ছিল।
র্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।



















