জলঢাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৭:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৫ Time View
নীলফামারী প্রতিনিধি :: নীলফামারীর জলঢাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোস্তাফিজুর রহমান (২৩) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার পূর্ব বালাগ্রাম ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পূর্ব বালাগ্রাম এলাকার মো. হালিমুর রহমানের ছেলে।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী এলাকার ভূমি এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাবিবুর রহমান জানান, অবৈধভাবে এসব কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


























