ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে লোহাগাড়া বাজারে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা
- Update Time : ০৭:১৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের লোহাগাড়া বাজারে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে মতবিনিময় সভা এবং বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া মসজিদ মার্কেট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, পীরগঞ্জ শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পীরগঞ্জের লোহাগাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লোহাগাড়া মসজিদ মার্কেটে এসে শেষ হয়।
পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, কৃষক, দোকান মালিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় ডিজিটাল লেনদেনের সুবিধা, বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতি এবং ক্যাশলেস অর্থনীতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহেদী হাসান তানিন এবং লোহাগাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম। এছাড়াও পূবালী ব্যাংক পিএলসির পীরগঞ্জ শাখাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রাজ্জাক বলেন, “এক দেশ, এক কিউআর লেনদেন—বাংলা কিউআর” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংক পিএলসি দেশব্যাপী ধারাবাহিকভাবে ক্যাশলেস ক্যাম্পেইন পরিচালনা করছে।
তিনি বলেন, পীরগঞ্জ শাখার এ উদ্যোগের মূল লক্ষ্য হলো উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের কাছে ডিজিটাল লেনদেনের সহজ ও নিরাপদ পদ্ধতি পৌঁছে দেওয়া এবং আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে তাদের সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-এর নির্দেশনায় দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায়ও ক্যাশলেস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশলেস না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মো. আব্দুর রাজ্জাক বলেন, ক্যাশলেস অর্থনীতির অন্যতম বড় সুবিধা হলো কাগজের নোট ছাপাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সেই অর্থ দেশের উন্নয়ন ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল লেনদেন আর্থিক কার্যক্রমকে আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল করবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, পূবালী ব্যাংক শুধু শহরাঞ্চলেই নয়, গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের দোরগোড়ায় ক্যাশলেস ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। ভবিষ্যতে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি ছোট চায়ের দোকানেও বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহেদী হাসান তানিন বলেন, ক্যাশলেস লেনদেন দেশের আর্থিক খাতকে আরও নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলবে। ডিজিটাল আর্থিক সেবা বিস্তারের মাধ্যমে জনগণের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আধুনিক অর্থনীতি গঠনের পথ আরও সুগম হবে।
লোহাগাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন আধুনিক অর্থনীতির অন্যতম ভিত্তি। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় প্রতিষ্ঠান—সবাই সহজ, দ্রুত, নিরাপদ ও স্বল্প ব্যয়ে ডিজিটাল লেনদেন করতে পারবেন। তিনি বলেন, ক্যাশলেস লেনদেন আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অর্থপাচার ও দুর্নীতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির পীরগঞ্জ শাখা প্রধান পরেশ চন্দ্র রায় তিনি বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা খুব সহজে, দ্রুত ও নিরাপদভাবে অর্থ লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ব্যবসায়ীদের লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে।
তিনি বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত করা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা এবং বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
মতবিনিময় সভায় অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বর্তমানে মানুষ নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্ত আর্থিক সেবা প্রত্যাশা করে। ক্যাশলেস লেনদেন সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সহজেই গ্রাহকদের কাছ থেকে ডিজিটালভাবে অর্থ গ্রহণ করতে পারবেন এবং আরও বেশি মানুষ আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আসবেন।
এ সময় একজন ব্যবসায়ী নিম্ন আয়ের মানুষের জন্য স্মার্টফোনের দাম আরও সহনীয় করার বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণির মানুষ সহজেই ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করতে পারেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে পীরগঞ্জের লোহাগাড়া বাজারের সকল স্তর মানুষের ক্যাশলেস লেনদেনের পরিধি আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।



















