চকরিয়ায় চিংড়ি ঘের কেন্দ্রিক অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার
- Update Time : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৩৬ Time View
কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের চকরিয়া থানাধীন বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিংড়ি ঘের কেন্দ্রিক অপরাধ দমনে সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সাইফুল ইসলাম প্রকাশ পুতিয়া (৪৫), রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০), ছোটন মাহমুদ (২৮) ও জমির উদ্দিন বাবুল (৪২)। তারা সবাই চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ‘হোয়াইট গোল্ড’ খ্যাত চিংড়ি খাতকে নিরাপদ রাখতে এবং প্রকৃত চাষীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















