ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
- Update Time : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৬ Time View
ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি ভাটা এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ৯৮-৫৯৩৪) এবং ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৬৫৭৮) মহাসড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় ট্রাক দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই উভয় ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।




















