সীতাকুণ্ডে সনদ ছাড়াই বালু উত্তোলন
- Update Time : ১১:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৩১ Time View
চট্টগ্রাম::প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ডিউস পরিশোধ ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সীতাকুণ্ডে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইন অমান্যের পাশাপাশি রাজস্ব ফাঁকির বিষয়টিও উঠে আসে।
রোববার (৫ মার্চ) দুপুর ১১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে ভাটিয়ারী পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।
বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি জানান, অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ফরওয়ার্ড ডিউস, রিভার ডিউস ও সার্ভে সনদ ছাড়াই আইন অমান্য করে বালু উত্তোলন করছিল।
এর মধ্যে, এমবি সিপাত এন্ড আনোয়ার এন্টারপ্রাইজকে ৩০ হাজার, এমবি কে আর এন্ড এস কে ড্রেজারকে ৩০ হাজার, এমবি হামজা হিমুকে ৩০ হাজার, এমবি জিওন ড্রেজার-২ কে ৪০ হাজার এবং দয়াল ভরসা ড্রেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রয়োজনীয় ডিউস পরিশোধ না করে এবং বৈধ কাগজপত্র ছাড়া বালু উত্তোলনের ফলে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি নদী ও উপকূলীয় পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে অনুসন্ধানে জানা যায়, সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও রহস্যজনক কারণে বিএনপির প্রভাবশালী নেতা আসলাম চৌধুরীর মালিকানাধীন বার আউলিয়ার রাইজিং শিপ ইয়ার্ড সংলগ্ন আসলাম চৌধুরীর মালিকানাধীন বালু মহালকে জরিমানা করা হয় নি। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই বলছেন রাজনৈতিক দলের প্রভাব কাটিয়ে অন্য ব্যবসায়ীদের ঘায়েল করে এককভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার কৌশল হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করছেন।
সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করায় চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সীতাকুণ্ডে ৫ জনকে জরিমানা আদায় একটা সাহসী উদ্যোগ। এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানান।




















