ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিক নির্যাতনের অভিযোগে শুক্রবার উত্তপ্ত বেলডাঙা
- Update Time : ০৫:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২৫১ Time View
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ::ভিনরাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকা।
ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এবং রেললাইনেও বিক্ষোভ দেখানো হয়। এর ফলে যান চলাচল ও ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়ে বাংলাভাষী শ্রমিকরা ভাষা ও পরিচয়ের কারণে হেনস্থার শিকার হচ্ছেন। কোথাও কোথাও মারধর, বেআইনি আটক এবং কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের নীরব ভূমিকারও তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার মানুষের ওপর এই ধরনের অত্যাচার কোনওভাবেই মেনে নেওয়া হবে না এবং রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাসের পর ধীরে ধীরে অবরোধ প্রত্যাহার করা হলেও এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বজায় রয়েছে।
























