মাদকবিরোধী সচেতনতামূলক সভা, পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
- Update Time : ০৬:৪২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৬ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৪নং কালিকচ্ছ ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মাদকের ভয়াবহতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মঞ্জুর কাদের ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের সংস্পর্শে এসে বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এলাকার কোথাও মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় মাদকমুক্ত কালিকচ্ছ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা মনে করেন, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করা গেলে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হতে পারে একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান হাতিয়ার।






















