সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইনসহ রাসায়নিক কাঁচামাল জব্দ
- Update Time : ১০:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২ Time View
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::সাতক্ষীরার দেবহাটায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও হেরোইন তৈরির রাসায়নিক কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।স্তগত ৩ ও ৫ নভেম্বর উপজেলার শাখরা সীমান্ত ও কুলিয়া রোডের ঋষিপাড়া এলাকায় অভিযান দুটি চালানো হয়।
শনিবার দুপুরে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ৩ নভেম্বর শাখরা বিওপির একটি টহল দল শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় ভারতীয় ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচটি বোতল জব্দ করা হয়। এগুলো হেরোইন তৈরির রাসায়নিক কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এর আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
পরে ৫ নভেম্বর একই বিওপির সদস্যরা কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেন। এর বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।
জব্দ করা হেরোইন ও রাসায়নিক কাঁচামালের মোট বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা। পরে এসব পদার্থ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় সেগুলো মাদক ও মাদক তৈরির নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত হয়।
১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






















