অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় কঠোর বার্তা জেলা পুলিশের
- Update Time : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৮৩ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাজমুল সাদাত।
প্যারেড চলাকালে পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট এবং দায়িত্ব পালনের মান পর্যালোচনা করেন। এ সময় তিনি কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরে তিনি আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা। পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সদস্যরা তাদের পেশাগত সুবিধা, কর্মপরিবেশ, আবাসন, চিকিৎসা ও অন্যান্য কল্যাণমূলক বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন।
পুলিশ সুপার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে সেপ্টেম্বর-২০২৬ মাসে কর্মদক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও বিশেষ অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এরপর সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। তিনি অপরাধ তদন্তের গুণগত মান বৃদ্ধি, পেশাদার তদন্ত কার্যক্রম পরিচালনা এবং জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ওসি ডিবি এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্তের অগ্রগতি, সাইবার অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের এ আয়োজন সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


























