উখিয়ায় বিজিবির সঙ্গে সশস্ত্র দলের গোলাগুলি
- Update Time : ০৫:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৩২ Time View
কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারি দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি জি-থ্রি রাইফেল, ৫১৫ রাউন্ড গুলি এবং ৪ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ৬৪ বিজিবির অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া সংলগ্ন সীমান্তবর্তী নাফ নদী এলাকায় টহলরত সদস্যরা মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে একটি নৌকায় কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে আসতে দেখেন।
সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র ব্যক্তিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিজিবিও পাল্টা জবাব দেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি নৌকাটি তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি খালি জি-থ্রি ম্যাগাজিন, তিনটি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, ৪ হাজার পিস ইয়াবা, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, একটি জি-থ্রি পাউচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, নগদ ২০ টাকা এবং ১২ প্যাকেট মারিস সিগারেট উদ্ধার করে।
বিজিবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় জেলে বেশধারী রোহিঙ্গাদের কাছ থেকে ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একই সশস্ত্র চক্র এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবাসী ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















