হত্যা ও দস্যুতা মামলার আসামিসহ পাঁচজন গ্রেপ্তার
- Update Time : ১২:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৩০ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, হত্যাচেষ্টা ও দস্যুতা মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই২০২৬ইং) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সরাইল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা, দস্যুতা, চুরি, অগ্নিসংযোগ ও মারামারিসহ একাধিক মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার মাসুক মিয়া (৪৫), কুট্টাপাড়া এলাকার সুজন খন্দকার (৩৮), বাদে অরুয়াইল (দক্ষিণপাড়া) এলাকার অভিদাস রনি (৩২), পানিশ্বর ইউনিয়নের শাঁখাইতি এলাকার সালমান (২২) এবং ধরন্তি (মূলবর্গ) এলাকার রাকিব ওরফে অপু মিয়া (২৭)।
পুলিশ জানায়, মাসুক মিয়াকে দুটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারাসহ একাধিক ধারা এবং অপর একটি মামলায় হত্যাচেষ্টা, চুরি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। সুজন খন্দকারকে হত্যা ও আলামত গোপনের মামলায়, অভিদাস রনিকে হত্যাচেষ্টার মামলায় এবং সালমানকে হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া দস্যুতা মামলায় গ্রেপ্তার রাকিব ওরফে অপু মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় পূর্বের আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, চুরি ও দস্যুতাসংক্রান্ত অভিযোগ রয়েছে।
সরাইল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ, পলাতক আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

























