সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্র ও সিএনজিসহ চারজন গ্রেপ্তার
- Update Time : ০৭:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২৩ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম এবং নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল থানার আওতাধীন এলাকায় নিয়মিত রাতের টহল দিচ্ছিল। রাতের টহল চলাকালে শাহবাজপুর এলাকার জিলানী পেট্রোল পাম্পের প্রায় ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কে সন্দেহজনক অবস্থানে থাকা চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মো. মামুন মিয়া (৩০), সিয়াম সরকার (২৮), মো. স্বপন (২০) এবং সোনারামপুর এলাকার নজরুল ইসলাম (২৫)।
পুলিশের উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে—একটি হ্যাকসো ব্লেড, একটি লোহার কাটার, কাঠের হাতলযুক্ত একটি লোহার ছোরা, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি ছোট কাঁচি, একটি লোহার তৈরি পেরেক এবং হাতলবিহীন স্টিলের একটি ছোট ছোরা। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে নম্বরবিহীন একটি নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
একাধিক মামলার আসামি সরাইল থানা পুলিশের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ ও বিজয়নগর থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে সিয়াম সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি আদালতে বিচারাধীন।
পুলিশের তথ্য অনুযায়ী, সিয়াম সরকারের বিরুদ্ধে ২০২১ সালে সরাইল ও আশুগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক ধারায় মামলা রয়েছে। এ ছাড়া আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়ও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও অপরাধের রেকর্ড রয়েছে। তাঁদের সঙ্গে মহাসড়কে সংঘটিত ডাকাতির অন্য কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সরাইল থানা পুলিশের এ অভিযানকে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।






















