যশোরে ২০২৫-২০২৬ অর্থবছরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৯
- Update Time : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২ Time View
মনির হোসেন :: ২০২৫-২০২৬ অর্থবছরে যশোর জেলায় মোট ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১২৯ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সরকারের পক্ষ থেকে মোট ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানায় বিআরটিএ যশোর সার্কেল কর্তৃপক্ষ। “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও রোড শো অনুষ্ঠিত হয়। বিআরটিএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সংঘটিত সড়ক দুর্ঘটনার বিবরণ তুলে ধরে জানানো হয় যে, ২০২৫ সালের জুলাই মাসে ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১ জন আহত হন।
আগস্টে ১০টি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ও আহত ৬ জন, সেপ্টেম্বর মাসে ১০টি সড়ক দুর্ঘটনায় নিহত ৯ ও আহত ১৩ জন, অক্টোবর মাসে ১৫টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ও আহত ৮ জন, নভেম্বরে ৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ও আহত ৫ জন এবং ডিসেম্বরে ৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৮ ও আহত ২ জন হয়েছেন। নতুন বছরের শুরুতে ২০২৬ সালের জানুয়ারি মাসে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ২২ জন আহত হন। এছাড়া ফেব্রুয়ারি মাসে ৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ও আহত ৭ জন, মার্চে ১১টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ও আহত ৪ জন, এপ্রিলে ১০টি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ও আহত ৩ জন, মে মাসে ১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ও আহত ১১ জন এবং জুন মাসে ১১টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সার্বিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে এ পর্যন্ত সর্বমোট ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, দেশে সড়ক দুর্ঘটনা ভয়ংকর আকার ধারণ করেছে। এটি নির্মূল করার দায়িত্ব শুধু সরকারের নয়; এ দায়িত্ব আমাদের সকলের। সকলকে চলাচলে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনায় যারা স্বজন হারাচ্ছেন বা পঙ্গুত্ব বরণ করছেন, সরকার তাদের পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা দিচ্ছে। সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. পার্শা সানজানা, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রেক্টর ফাইয়াজ আহমেদ, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, রোভার স্কাউটের যশোর অঞ্চলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য আব্দার রহমান এবং নিরাপদ সড়ক চাই-এর যশোর জেলা শাখার সভাপতি এম তারাজুল ইসলাম প্রমুখ।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ-এর সহকারী পরিচালক জমির হোসেন। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই রোড শো-র শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।




















