১৭ বছর ধরে ৬ একরের জলমহাল দখলে তাঁর
- Update Time : ০৬:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪ Time View
জাতীয় ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রায় ছয় একর আয়তনের চারটি সরকারি খাসপুকুর দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে। রহনপুর ইউনিয়নের ভাগোলপুর মৌজায় অবস্থিত চাতরা, ফড়িংগা, মোহনা ও পানবরজ নামের এই জলমহালগুলো একসময় নিয়মিত ইজারা দেওয়া হতো। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আব্দুল হাকিম ভুয়া দলিল তৈরি এবং আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে পুকুরগুলো নিজের দখলে নিয়েছেন বলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জলমহালগুলোর মধ্যে চাতরা ও ফড়িংগা পুকুর বিগত কয়েক বছর ধরে এবং মোহনা ও পানবরজ পুকুরগুলো দুই হাজার নয় সাল থেকে জবরদখল করে রাখা হয়েছে। এর মধ্যে মোহনা পুকুরটির শ্রেণি পরিবর্তন করে মাটি দিয়ে ভরাট করার পর সেখানে দীর্ঘদিন ধরে কৃষিজমি হিসেবে ধান চাষ করা হচ্ছে।
মৎস্যজীবী সমিতি ও মামলার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, শুরুতে পুকুরগুলো স্থানীয় বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হলেও পরবর্তী সময়ে মালিকানা দাবি করে আদালতে মামলা করেন আব্দুল হাকিম। উচ্চ আদালতের স্থগিতাদেশের সুবাদে ইজারা কার্যক্রম বন্ধ হয়ে গেলে তিনি সহজেই পুকুরগুলোর দখল নিয়ে নেন। অনুসন্ধানে জানা যায়, আব্দুল হাকিম আদালতে যে মালিকানার দলিল উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডপত্র অনুযায়ী, ১৯৫২ সালের নিবন্ধন মূলে তিনি যে দলিল নম্বর দেখিয়েছেন, সেই নম্বরে বাস্তবে কোনো দলিলের অস্তিত্বই নেই এবং কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে এসব মামলা বিচারাধীন থাকায় পুকুরগুলোর ইজারা প্রদান ও সরকারি রাজস্ব আদায় প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি পক্ষের আইনজীবীর সহকারী মো. ফিরোজ কবির অভিযোগ করেছেন যে রাষ্ট্রপক্ষের প্রয়োজনীয় তৎপরতার অভাব এবং সরকারি কৌঁসুলিদের একাংশের গাফিলতির কারণেই মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে না। তাঁর দাবি, মামলাগুলোর শুনানিতে বারবার সময় নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে এবং এই সুযোগ নিচ্ছেন দখলদার ব্যক্তি। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. মোসাদ্দেক হোসেন কাজল জানিয়েছেন যে অর্থের বিনিময়ে মামলা ঝুলিয়ে রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এদিকে অভিযুক্ত আব্দুল হাকিম নিজের দখলে থাকার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও ভিন্ন এক মন্তব্য করেছেন। তাঁর দাবি, সরকারি আইনজীবীর সহযোগিতায় তিনি এই সম্পত্তি ভোগদখল করার সুযোগ পেয়েছেন এবং এগুলো তাঁর পৈতৃক সম্পত্তি। অন্যদিকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, একটি প্রভাবশালী চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে এবং সরকারি আইনজীবীদের সঙ্গে সখ্য গড়ে তুলে এই জলমহালগুলো অবৈধভাবে ভোগ করছে। ইতোমধ্যে খাসজমির আসল দলিলগুলো উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো দ্রুত সরকারের নিয়ন্ত্রণে আনার জোর প্রচেষ্টা চলছে। স্থানীয় মৎস্যজীবী সমিতির পক্ষ থেকেও দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে জলমহালগুলো সরকারের অনুকলে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।






















