বিজয়নগরে কাভার্ড ভ্যান থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক যানবাহন
- Update Time : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় এক কোটি দুই লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১০ টন ভারতীয় ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ভ্যানটি থেকে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা। উদ্ধার করা পণ্য ও আটক যানবাহন আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে তাদের দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
























