দশমিনায় বাস সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন
- Update Time : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৬৪ Time View
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর দশমিনায় ঢাকা-দশমিনা-গলাচিপা-বাউফল-দুমকি রুটে বাস সিন্ডিকেট, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় নলখোলা বাস স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি বাস সিন্ডিকেট ঢাকা-দশমিনা-গলাচিপা-বাউফল- দুমকি রুটে একচেটিয়া আধিপত্য বিস্তার করে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। একই সঙ্গে অন্যান্য পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করে যাত্রীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
তাদের দাবি, ‘দশমিনা এক্সপ্রেস’ নামে একটি পরিবহনকে কেন্দ্র করে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হচ্ছে এবং বিকল্প পরিবহন ব্যবহারের সুযোগও সীমিত হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা বাস সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধ এবং রুটে সব পরিবহনের অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানান।
পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানানো হয়।




















