কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
- Update Time : ০৬:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৭ Time View
নিজস্ব প্রতিবেদক::গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিকভাবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ এবং দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে বিভিন্ন প্রশাসনিক অনিয়ম ও দাপ্তরিক অসঙ্গতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর এলাকার একটি ভূমি অফিসও পরিদর্শন করেন এবং সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও জনসেবার বিষয়গুলো খতিয়ে দেখেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসনের এ পদক্ষেপে ভূমি অফিসে সেবার মান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের ধারণা



















