সরাইলে নতুন এসিল্যান্ড ইফ্রাহিম ইকবাল চৌধুরী, যোগদানে ভূমিসেবায় গতি ফেরার প্রত্যাশা
- Update Time : ০৯:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৪ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ইফ্রাহিম ইকবাল চৌধুরী। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে যে ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল, নতুন এসিল্যান্ডের যোগদানের মধ্য দিয়ে সেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ইফ্রাহিম ইকবাল চৌধুরী সরাইল উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে নামজারি ও জমাখারিজ কার্যক্রম তদারকি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি উদ্ধার ও সংরক্ষণ এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করা।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। বিশেষ করে নামজারি, জমাখারিজসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন কর্মকর্তা যোগদান করায় এসব সমস্যার সমাধান এবং ভূমি প্রশাসনের কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরে আসবে বলে প্রত্যাশা তাঁদের।
এদিকে ভূমি অফিসের সেবার মান উন্নয়ন, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি সম্পত্তি রক্ষায় নতুন এসিল্যান্ডের কার্যকর ভূমিকা চান স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।
সরাইলবাসীর প্রত্যাশা, স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ইফ্রাহিম ইকবাল চৌধুরী একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলতে ভূমিকা রাখবেন। সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেও তিনি কার্যকর উদ্যোগ নেবেন।
নতুন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) ইফ্রাহিম ইকবাল চৌধুরীর সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন সরাইলের স্থানীয় সচেতন মহল ও সুধীজন।





















