নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার
- Update Time : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ২০৩ Time View
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর থানায় দায়ের হওয়া নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ (৪২)–কে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ। তিনি সদর উপজেলার ১৫ নং দেবীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। পিতা—মোঃ ইছার উদ্দীন, সাং—কালেশ্বরগাঁও, থানা—ভূল্লী, জেলা—ঠাকুরগাঁও।
পুলিশ জানায়, সদর থানার মামলা নং–১০, তাং–০৯/১০/২০২৪ ইং; ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ তৎসহ দণ্ডবিধি ১৪৩/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় দায়ের হওয়া মামলায় তিনি ২৮ নং এজাহারনামীয় আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, নাশকতা ও বিস্ফোরণের ঘটনায় তার নাম এজাহারে উল্লেখ ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ নাশকতা ও বিস্ফোরক মামলার গুরুত্বপূর্ণ এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



















