জুলাই যোদ্ধা অপমানের বিচার চায় এনসিপি
- Update Time : ০৮:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২৩৯ Time View
বিশেষ প্রতিনিধি::ময়মনসিংহে ইউনাইটেড বাসের স্টাফ কর্তৃক একজন জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় রাষ্ট্রের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ভূমিকা এখন চরমভাবে প্রশ্নবিদ্ধ। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিতর্কিত বাস সার্ভিসের চলাচল অব্যাহত থাকা প্রমাণ করে—এটি নিছক অবহেলা নয়, বরং একটি বিপজ্জনক প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও দায় এড়ানোর প্রবণতা। বিশ্লেষকদের মতে, এই লাঞ্ছনা কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়।
এটি ফ্যাসিবাদী দম্ভের প্রকাশ্য বহিঃপ্রকাশ,যা সরাসরি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা। একজন জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে অপমান করার মধ্য দিয়ে মূলত রাষ্ট্র ও জনগণকেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে।
আইনের চোখে অপরাধ,প্রশাসনের চোখে অদৃশ্য? আইন বিশেষজ্ঞদের মতে,একজন জুলাই যোদ্ধার ওপর প্রকাশ্য লাঞ্ছনা ফৌজদারি অপরাধের আওতাভুক্ত—যার মধ্যে অপরাধমূলক ভয়ভীতি,শারীরিক ও মানসিক নিপীড়ন, জনশৃঙ্খলা বিঘ্ন এবং রাষ্ট্রীয় মর্যাদাসম্পন্ন ব্যক্তির নিরাপত্তা ব্যর্থতা স্পষ্টভাবে দৃশ্যমান।
তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে মামলা গ্রহণে গড়িমসি, কার্যকর তদন্তে অনীহা এবং অভিযুক্ত পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া আইনের শাসনের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে। চলছে ইউনাইটেড বাস,প্রকাশ্যেই প্রশাসনিক ব্যর্থতা
ঘটনার পর জনমনে তীব্র প্রতিবাদ ও দাবি উঠলেও এখনো ইউনাইটেড বাসসহ তথাকথিত ‘ফ্যাসিস্টের বাস’ ময়মনসিংহে অবাধে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ,এটি কেবল পরিবহন ব্যবস্থার সমস্যা নয়—এটি প্রশাসনের সদিচ্ছাহীনতার প্রকাশ্য প্রমাণ। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে না,বরং নিষ্ক্রিয় থাকতে বেছে নিচ্ছে—এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে।
কমিটি গঠন: সময় ক্ষেপণের কৌশল? উল্লেখ্য, ১০ অক্টোবরের ঘটনার পর জেলা প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও আজ পর্যন্ত সেই কমিটির কোনো সভা হয়নি। নেই কোনো সিদ্ধান্ত,অগ্রগতি কিংবা জনসমক্ষে ব্যাখ্যা। প্রশাসনের এই নীরবতা প্রমাণ করে—কমিটি গঠন ছিল মূলত দায় এড়ানো ও সময় ক্ষেপণের একটি কৌশল,কার্যকর বিচার নিশ্চিত করার আন্তরিক উদ্যোগ নয়।
প্রশাসনিক দায়বদ্ধতার প্রশ্নে উত্তাল ময়মনসিংহ। এই প্রেক্ষাপটে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর এনসিপি জেলা কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদী কর্মসূচি ও সংবাদ সম্মেলনে এনসিপি ময়মনসিংহ জেলা শাখা প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে। সংগঠনের নেতারা বলেন—অবিলম্বে ইউনাইটেড বাসসহ সকল ফ্যাসিস্টের বাস চলাচল বন্ধ করতে হবে। —প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার নিরপেক্ষ ও প্রকাশ্য পর্যালোচনা করতে হবে। —১০ অক্টোবর গঠিত তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে জনসমক্ষে জবাবদিহি নিশ্চিত করতে হবে—জুলাই যোদ্ধার মর্যাদা,
নিরাপত্তা ও সম্মান রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। নীরবতা আর নিরপেক্ষতা নয়ঃ এনসিপি নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান,“এই ঘটনায় নীরব থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। প্রশাসনের নীরবতা আজ আর নিরপেক্ষতা নয়—এটি অপরাধের অংশীদারত্ব।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,ন্যায়বিচার নিশ্চিত না হলে ধারাবাহিক,শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই যোদ্ধার অপমান মানেই জনগণের অপমান।
সংগঠনের ঘোষণায় বলা হয়, তারা কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। একজন জুলাই যোদ্ধার অপমান মানে গণঅভ্যুত্থানের ইতিহাস ও জনগণের আত্মত্যাগকে অবমাননা করা—যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মিডিয়ার প্রতি আহ্বানঃ
মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন,সত্য ও বাস্তবতা তুলে ধরে প্রশাসনের ব্যর্থতা ও দায়হীনতা জাতির সামনে উন্মোচন করা এখন সময়ের দাবি।

























