জনসভা অনুষ্ঠিত
- Update Time : ১২:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৯ Time View
পটুয়াখালী প্রতিনিধি::হাসান মামুন বলেন, আজ হিন্দু-মুসলমান, নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে জনগণের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছে। আমরা উন্নয়ন পরিকল্পনা নিয়ে নির্বাচন করছি। ফেরিঘাট ও অবকাঠামো উন্নয়নসহ জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা চলছে এবং আমরা আপনাদের পাশে থাকব। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার এখানে সমান। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিটি ঘটনার বিচার হবে।
তিনি বলেন, শুরু থেকে পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন নিয়ে যে তালবাহানা ও খেলা শুরু হলো, একপর্যায়ে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না দিয়ে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন ও অজনপ্রিয় এক জোটের নেতাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল সাংগঠনিক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, এই সিদ্ধান্তের পর আমি দল থেকে পদত্যাগ করার পরও আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, তা মেনে নিয়ে নির্বাচনের পথে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উপজেলা, অঙ্গসংগঠন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে পদবঞ্চিত করা হয়েছে। তারপরও আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বীতা এবং বিজয় অর্জনের শপথ নিয়েছি।
হাসান মামুন বলেন, ইতোমধ্যে বিভিন্নভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, হয়রানি ও অপপ্রচার চলছে।
তবুও আমি আপনাদের আশ্বস্ত করছি নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাচারের বিরুদ্ধে আজকের মতো নানা বাধা উপেক্ষা করে আপনারা মাঠে উপস্থিত হয়েছেন। আগামী নির্বাচনের দিন সকাল থেকেই আপনারা ভোটকেন্দ্রে লাইনে দঁাড়িয়ে ভোট দেবেন।
তিনি বলেন, আজ বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, হয়রানি করা হয়েছে। তবুও আমাদের কর্মীরা মাঠে আছে। মনে রাখবেন জনসমুদ্রের উত্তাল ঢেউ বালু দিয়ে আটকে রাখা যায় না। আগামী নির্বাচনে আপনারা আপনাদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এরপর একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা হবে।
রবিবার বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পটুয়াখালী- ৩ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের নির্বাচনী শেষ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসান মামুন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার,
এডভোকেট মো. শামীম, সাংবাদিক ইশরাত হোসেন লিপটন, এডভোকেট হাবিবুর রহমান হিরন, দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি খানম প্রমুখ।
সমাবেশ শেষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতৃত্বে গলাচিপা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে একটি নির্বাচনী শোডাউন দেওয়া হয়।
















