চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু
- Update Time : ০৮:৩৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ৪০ Time View
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস হত্যাকান্ড
কক্সবাজারে আলোচিত গলা কাটা ও দুই হাতের কব্জিবিহীন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর মস্তক ও দুই হাতের কব্জিবিহীন মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের তদন্তে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি শাহিদা আক্তার রিপা (মুন্নি)। ঘটনার প্রেক্ষিতে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে তার স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল ইসলাম তারেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে অচেতন করেন। পরে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন।
হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহের মাথা ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়। পরদিন মস্তকবিহীন মরদেহ ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়। অন্যদিকে বিচ্ছিন্ন মাথা ও হাতের কব্জি খুরুশকুল নতুন ব্রিজ এলাকা থেকে বাঁকখালী নদীতে নিক্ষেপ করা হয়েছে বলে অভিযুক্ত স্বীকার করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ঘুমের ওষুধ মিশ্রিত রসমালাইয়ের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী বাঁকখালী নদীতে নিহতের বিচ্ছিন্ন মাথা ও হাতের কব্জি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















