টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২
- Update Time : ০৯:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২ Time View
কক্সবাজার জেলা প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করতে সক্ষম হন। এ সময় বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, এ মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।






















