সাতক্ষীরার আশাশুনির প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন
- Update Time : ০২:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৪৭ Time View
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ রবিবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে আশাশুনি উপজেলার কোলা-ঘোলা ও কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রকৌশলী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থান পরিদর্শনকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার বক্তব্যে বলেন, কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মিত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ অঞ্চলের জনগণের বহুদিনের প্রত্যাশিত এই সেতু বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ স্থান পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে প্রকল্পের সম্ভাব্যতা, কারিগরি দিক, যোগাযোগ সুবিধা এবং স্থানীয় জনগণের চাহিদা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি জানান, প্রস্তাবিত সেতু নির্মাণের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই পরিদর্শনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন প্রত্যাশা করেন।



















